সারাবিশ্ব
সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে আবারও হামলার দাবি হুতিদের
সৌদি আরবের ইয়ানবু শহরের একটি তেল স্থাপনা ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
হুতিদের দাবি, চলতি সপ্তাহে তাদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরবের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে।
হুতিদের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়ানবুতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় প্রথম হামলা চালানো হয়। এতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তারা। হামলাগুলো সুনির্দিষ্ট ও সরাসরি ছিল এবং এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
হুতিদের বিবৃতি অনুযায়ী, দ্বিতীয় হামলায় খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই হামলাও সুনির্দিষ্ট ছিল বলে দাবি করেছে গোষ্ঠীটি।
তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা