স্বাস্থ্য
চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম চিকিৎসার পৃথক ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশুর নাম আমির হামজা। তিনি জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
জানা যায়, গত বুধবার (২৯ এপ্রিল) হাম উপসর্গ নিয়ে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরে সে মারা যায়। তবে তার কোনো নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব জানান, শিশুটিকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিভিন্ন কারণে তার নমুনা সংগ্রহ করা যায়নি। চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে।
তিনি আরও জানান, বর্তমানে সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১৭ জন রোগী ভর্তি আছেন। জেলায় হাম পরিস্থিতি কিছুটা বিরূপ আকার ধারণ করায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।