স্বাস্থ্য

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

শনিবারের মধ্যে দেশের সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আগে গ্রামে দাইয়ের মাধ্যমে সন্তান প্রসবের একটি প্রচলন ছিল, যা গ্রামীণ সংস্কৃতির অংশ ছিল। কিন্তু এখন সেই পদ্ধতি প্রায় হারিয়ে গেছে, যদিও দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে অপ্রয়োজনীয়ভাবে সিজারিয়ান ডেলিভারির হার বেড়ে গেছে। অথচ সিজারের ক্ষেত্রে অনেক সময় নবজাতক মায়ের শাল দুধ থেকে বঞ্চিত হয়, যা শিশুর পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় হাম রোগকে সাধারণভাবে দেখা হলেও এখন এটি প্রাণঘাতী হয়ে উঠেছে, যার অন্যতম কারণ অপুষ্টি। তিনি জোর দিয়ে বলেন, মা ও শিশুর স্বাস্থ্য নিশ্চিত না করে একটি সুষম ও টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।

এ সময় তিনি আরও জানান, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রায় ৮০ হাজারই নারী স্বাস্থ্যকর্মী হবেন। এদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মিডওয়াইফারি খাতে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।