সারাবিশ্ব
নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে যাত্রীবাহী বাস, নিহত অন্তত ২৭
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে পড়ে উয়েমে নদীতে ডুবে গেলে এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ আগস্ট) দেশটির উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধারকারীরা জানিয়েছেন, নদীতে ডুবে যাওয়া বাসটি থেকে ২৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীর পানিতে ভেসে থাকা অবস্থায় পাওয়া গেছে আরও তিনটি মরদেহ। এর সঙ্গে রবিবার পাওয়া এক মরদেহ যুক্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক আবদেল আজিজ বায়ো জিব্রিল জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম লা নেশন জানিয়েছে।
তবে এখনও অন্তত ১৬ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘বাসটি সোজা নদীতে পড়ে যায়। তবে সঙ্গে সঙ্গে পুরোটা ডুবে যায়নি। যেসব যাত্রী সাঁতার জানতেন, তারা কোনওভাবে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। বাকিরা পানিতে ডুবে মারা গেছেন কিংবা স্রোতে ভেসে গেছেন।’
দুর্ঘটনাকবলিত বাসটি এসটিএম কম্পানির পরিচালিত ছিল এবং এটি প্রতিবেশী দেশ টোগোর রাজধানী লোমে থেকে ৫২ জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল। দুর্ঘটনাটি ঘটে ইন্টারস্টেট ২ মহাসড়কে, যা বেনিনের অর্থনৈতিক রাজধানী কোটোনু থেকে শুরু হয়ে উত্তরাঞ্চলের মালানভিল পর্যন্ত বিস্তৃত—এবং শেষ হয় নাইজার সীমান্তে।