সারাবিশ্ব
শ্রীলঙ্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: পাহাড় থেকে বাস খাদে, নিহত ১৫
শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন যাত্রী, যাদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
বৃহস্পতিবার রাতের এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রাজধানী কলম্বো থেকে প্রায় ২৮০ কিলোমিটার পূর্বে ওয়েলাওয়ায়া শহরের কাছে।
শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। বাসটি পাহাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত গতিতে চলছিল। এসময় আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রেলিং ভেঙে প্রায় এক হাজার ফুট (৩০০ মিটার) গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর সেনারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, খাদে পড়ে থাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাসটিকে ঘিরে উদ্ধারকর্মীরা কাজ করছে। গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণ হারানোই এই দুর্ঘটনার মূল কারণ। শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, অসতর্ক ড্রাইভিং, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং সরু পাহাড়ি সড়ক এসব দুর্ঘটনার জন্য দায়ী।
শ্রীলঙ্কার পার্বত্য অঞ্চলের আঁকাবাঁকা সড়কগুলো বিশ্বের অন্যতম বিপজ্জনক সড়ক হিসেবে পরিচিত। প্রতি বছর এসব রাস্তায় বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। এ ঘটনায় দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি আবারও আলোচনায় এসেছে।