সারাবিশ্ব
ঘুষের দায়ে চীনের সাবেক মন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ডের সাজা
চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। রোববার (২৮ সেপ্টেম্বর) উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের চ্যাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এ রায় ঘোষণা করে। তবে তার সাজা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তাং নগদ অর্থ ও সম্পত্তি মিলিয়ে মোট ২৬৮ মিলিয়ন ইউয়ান (প্রায় ৩৭.৬ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণ করেছেন। আদালত জানায়, নিজের অপরাধ স্বীকার করায় তার মৃত্যুদণ্ড কার্যকর আপাতত দুই বছর স্থগিত রাখা হয়েছে।
গত বছরের নভেম্বরে দুর্নীতির দায়ে তাকে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। এর ছয় মাস আগে দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থার তদন্তে তাংয়ের বিরুদ্ধে গুরুতর অনিয়মের প্রমাণ মেলে এবং তাকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণ করা হয়।
চীনের ইতিহাসে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দুর্নীতি মামলার একটি। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু এবং তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও অনুরূপ দুর্নীতির তদন্ত শুরু হয়েছিল।
রাষ্ট্রপতি শি জিনপিং ২০২০ সালে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনী, প্রসিকিউটর ও বিচারকদের সততা বজায় রাখতে এবং জনগণের কাছে “বিশ্বস্ত, পবিত্র ও নির্ভরযোগ্য” হয়ে উঠতে কঠোর নির্দেশ দেন।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের গভর্নর ছিলেন তাং রেনজিয়ান। পরে তিনি কৃষি ও গ্রামীণ কল্যাণবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান।
চলতি বছরের জানুয়ারিতে শি জিনপিং সতর্ক করে বলেন, “চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় হুমকি দুর্নীতি এবং এই প্রবণতা এখনও বাড়ছে।”
সূত্র: রয়টার্স।