সারাবিশ্ব
মালয়েশিয়ার টুইন টাওয়ারের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ধোঁয়া ও আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক হাসান আসারি ওমর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত ফায়ার ইঞ্জিন ও দমকল কর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ভবনের ওপরের তলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয়রা এবং পর্যটকরা আতঙ্কিত হলেও দমকল বাহিনী দ্রুত কার্যক্রম পরিচালনা করছে, যাতে আগুন আরও ছড়াতে না পারে এবং ভবনের অন্যান্য অংশ সুরক্ষিত থাকে।