সারাবিশ্ব

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ এএম

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডি বিচে হনুকা উৎসব চলাকালে সশস্ত্র হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে। এই ভয়াবহ ঘটনায় অস্ট্রেলিয়াজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সমুদ্রতটে আয়োজিত হনুকা উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নেন। ঠিক সেই সময় দুই বন্দুকধারী আচমকা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই বহু মানুষ হতাহত হন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে পরে নিহতের সংখ্যা আরও বাড়ে।

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য মন্ত্রী রায়ান পার্ক জানান, রাতের মধ্যেই নিহতের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৬ জনে পৌঁছায়। আহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

ঘটনার পরপরই পুলিশের বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের পাল্টা গুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। কর্তৃপক্ষ জানায়, হামলাকারীদের একজন আগে থেকেই নিরাপত্তা সংস্থার নজরদারিতে ছিলেন, তবে হামলার বিষয়ে কোনো নির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি।

নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন জানান, এই হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন, যারা দায়িত্ব পালনকালে হামলার শিকার হন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই হামলাকে ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার পেছনের উদ্দেশ্য ও জড়িতদের সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি