সারাবিশ্ব
বাবা সিদ্দিকীর খুনে মাস্টারমাইন্ড জিশান আখতার কানাডায় আটক
মুম্বাইয়ের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও এনসিপির সাবেক নেতা বাবা সিদ্দিকীর খুনের ঘটনায় মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত জিশান আখতারকে কানাডায় আটক করেছে দেশটির পুলিশ। মুম্বাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের শার্প শুটার ও কুখ্যাত সুপারি কিলার জিশানকে গ্রেপ্তার করা হয়।
ধৃতকে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে মুম্বাই পুলিশের শীর্ষকর্তারা ইতিমধ্যে কানাডা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে জিশানকে ভারতের হাতে তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
২০২৩ সালের ১২ অক্টোবর, দিনদুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় মুম্বাইয়ের প্রভাবশালী নেতা বাবা সিদ্দিকীকে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক না কি ব্যবসায়িক বিরোধ ছিল, তা নিয়ে তখন ধোঁয়াশা দেখা দেয়। তদন্তে উঠে আসে, ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কুখ্যাত অপরাধী জিশান আখতার ও লরেন্স বিষ্ণোই গ্যাং।
জানা গেছে, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী জিশান, একইসঙ্গে পুণের অপরাধজগতের আলোচিত নাম সৌরভ মহাকালের হয়ে কাজ করতেন। তার বিরুদ্ধে পঞ্জাবে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
বাবা সিদ্দিকীর হত্যার পর মুম্বাই পুলিশ জিশানকে খুঁজে পেলেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মুম্বাই পুলিশ কানাডা কর্তৃপক্ষকে জিশানের গতিবিধি জানায় এবং অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কানাডা পুলিশ।