সারাবিশ্ব
যুক্তরাজ্যে তীব্র দাবদাহ: বৃষ্টির আশায় নামাজ পড়লেন মুসলিমরা
তীব্র দাবদাহ ও দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়ায় বিপর্যস্ত যুক্তরাজ্য। খরা পরিস্থিতির কারণে দেশটির কৃষি, সুপেয় পানি সরবরাহ ও বন্যপ্রাণীর ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এ অবস্থায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করেছেন দেশটির মুসলিমরা।
রোববার (১৬ আগস্ট) যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার মসজিদে বৃষ্টির জন্য বিশেষ এই নামাজে অংশ নেন মুসল্লিরা। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও খরার কারণে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় এরই মধ্যে পানির সংকটসহ নানা ধরনের প্রভাব দেখা দিয়েছে। পরিস্থিতি থেকে উত্তরণে দেশটির বিভিন্ন মসজিদে সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়।
খরা ও পানির সংকটের সময় বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ আদায় করা হয়। নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে নামাজের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা। পাশাপাশি কঠিন পরিস্থিতি থেকে মুক্তি এবং মানুষের জন্য উপকারী বৃষ্টি বর্ষণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
বিশেষ নামাজ আদায়ের পাশাপাশি দান-সদকা করা, পানির অপচয় রোধ করা এবং খরা ও দাবদাহে ক্ষতিগ্রস্ত মানুষ ও পরিবেশের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মুসলিম সংগঠনগুলো।