সারাবিশ্ব
সৌদিতে এক সপ্তাহে ২৩ হাজার বিদেশি গ্রেপ্তার
সৌদি আরবে এক সপ্তাহের বিশেষ অভিযানে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা–সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে ২৩ হাজারের বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (১৯ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ইংরেজি দৈনিক সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশজুড়ে পরিচালিত অভিযানে মোট ২৩ হাজার ১৬৭ জনকে আটক করা হয়। এর মধ্যে ১৪ হাজার ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে। সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে ৫ হাজার ৫১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ১৩১ জনকে আটক করা হয়েছে।
এছাড়া, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের দায়ে আরও ১ হাজার ৫৯৩ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপিয়ান, ৩০ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অন্যদিকে, সৌদি আরব থেকে অবৈধভাবে বিদেশে পালানোর চেষ্টা করার সময় ৪১ জনকে আটক করা হয়। পাশাপাশি অবৈধ বিদেশিদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ২২ জন সৌদি নাগরিক বা অভ্যন্তরীণ সহযোগীকেও আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ১৬ হাজার ৪৪১ জন বিদেশির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ১৪ হাজার ২৫৫ জন পুরুষ এবং ২ হাজার ১৮৬ জন নারী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ হাজার ৬২২ জনকে নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র তৈরির জন্য। এ ছাড়া ৩ হাজার ৩৯৩ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত আবাসস্থলে স্থানান্তর করা হয়েছে। ইতিমধ্যেই ১০ হাজার ৫৮৭ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও সতর্ক করে জানায়, কেউ যদি অবৈধভাবে বিদেশিদের সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় বা পরিবহন করে, তাহলে তার সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং সংশ্লিষ্ট সম্পদ ও যানবাহন জব্দ করার বিধান রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশবাসীকে আইন লঙ্ঘন বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।