সারাবিশ্ব

দ্বি-রাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কড়া পদক্ষেপ নেবে জাপান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

দ্বি-রাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কড়া পদক্ষেপ নেবে জাপান
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) বাস্তবায়নের পথে ইসরায়েল যদি বাধা সৃষ্টি করে, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।

জাতিসংঘের সাধারণ পরিষদে মঙ্গলবার ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এটি সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেব।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা বারবার দ্বি-রাষ্ট্র সমাধান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, যা জাপানের জনগণকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে।

শিগেরু ইশিবা স্পষ্ট ভাষায় জানান, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনও দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে বাধা দেয়, তাহলে জাপান নতুন পদক্ষেপ গ্রহণ করবে এবং সেই পদক্ষেপগুলো হবে কঠোর।

এর আগে গত সোমবার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ একাধিক দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

যদিও জাপান সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে টোকিও পিছিয়ে যায়।

বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রায় ৮০ শতাংশ দেশ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল