সারাবিশ্ব

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭ ফিলিস্তিনি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৯:০২ এএম

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩০ জনের বেশি।

স্থানীয় কর্তৃপক্ষের দাবি, গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল এখন পর্যন্ত ৮০ বার লঙ্ঘন করেছে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, কেবল রবিবার একদিনেই ২১টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। এই লঙ্ঘনের মধ্যে রয়েছে— বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো, আবাসিক এলাকায় গোলাবর্ষণ, সরাসরি টার্গেটিং, ফায়ার বেল্ট তৈরি এবং সাধারণ মানুষের উপর গ্রেনেড হামলা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব হামলায় ইসরায়েলি সেনারা ব্যবহার করেছে সামরিক সাঁজোয়া যান, ট্যাংক, দূরনিয়ন্ত্রিত ইলেকট্রনিক অস্ত্র, কোয়াডকপ্টার ড্রোন ও যুদ্ধবিমান। হামলাগুলো গাজার সব প্রদেশেই সংঘটিত হয়েছে, যা প্রমাণ করে যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মানছে না, বরং ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাযজ্ঞ ও সন্ত্রাসের নীতি অব্যাহত রেখেছে।

গাজা প্রশাসন বলছে, “ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে। বেসামরিকদের হত্যা করে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে।”

তারা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে ইসরায়েলি বাহিনীকে দায়ী করে জাতিসংঘ ও চুক্তির জামিনদার দেশগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপ করে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।