সারাবিশ্ব
১৭ হাজার নারী সংগীত শিক্ষক নিয়োগ দিচ্ছে সৌদি
সৌদি আরব প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে সংগীত শিক্ষা চালুর বড় পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে দেশটিতে ১৭ হাজার নারী সংগীত শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। লক্ষ্য— শিশুদের অল্প বয়স থেকেই সংগীত ও শিল্পের সঙ্গে পরিচিত করা এবং দীর্ঘমেয়াদে সৃষ্টিশীল প্রতিভা গড়ে তোলা। খবর গালফ নিউজের।
সৌদি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ইতোমধ্যে হাজারো শিক্ষককে সংগীত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের নারী শিক্ষকদের ওপর।
২০২২ সালের শেষ দিকে শুরু হওয়া প্রথম ধাপে ১২ হাজারের বেশি নারী শিক্ষক সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেনে প্রশিক্ষণ নেন।
এবার দ্বিতীয় ধাপে আরও ১৭ হাজার নারী শিক্ষককে পেশাগতভাবে সংগীত শিক্ষায় দক্ষ করে তোলা হবে। এই কর্মসূচি ‘সাংস্কৃতিক দক্ষতা উন্নয়ন কৌশল’-এর অংশ, যা শিশুদের সৃজনশীলতার বিকাশে সহায়তা করবে।
প্রশিক্ষণে মূল গুরুত্ব দেওয়া হচ্ছে গান, তাল-লয়, বাদ্যযন্ত্রের মৌলিক ধারণা এবং স্থানীয় লোকসংগীত শেখানোর ওপর। সংগীত শিক্ষকদের দায়িত্ব হবে শিশুদের সংগীত শিক্ষা পরিচালনা করা- যাতে শিক্ষার্থীরা গান, বাদ্যযন্ত্রের ব্যবহার ও সংগীতের মৌলিক নিয়ম শিখে সৃজনশীলতা, আবেগপ্রকাশ ও সাংস্কৃতিক বোঝাপড়া বাড়াতে পারে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত প্রথম আর্টস কলেজ সৌদি আরবের সংস্কৃতিখাতে বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে সংগীত ও শিল্পকলার উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ‘মিউজিক কমিশন’ গঠন করা হয় সংগীত শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা ও তরুণ প্রতিভা বিকাশে সহায়তা করার লক্ষ্যে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে কনসার্ট, নাট্যোৎসব, সিনেমা প্রদর্শনী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে- যা সৌদি আরবের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।