সারাবিশ্ব

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের ভয়াবহ হামলা, গাজায় নিহত ২৮


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের ভয়াবহ হামলা, গাজায় নিহত ২৮
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সকাল থেকে শুরু হওয়া এসব হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত এবং ৭৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রগুলো। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার খবরে এসব তথ্য উঠে এসেছে।

দক্ষিণ গাজার খান ইউনুসের কাছে আল-মাওয়াসি এলাকায় লক্ষ্যবস্তুতে প্রথম হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাশাপাশি গাজা সিটির শুজাইয়ার পূর্বাংশে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলের একটি জংশন এবং জেইতুন এলাকার একটি ভবনেও বোমাবর্ষণ করা হয়। জেইতুনের ওই ভবনে এক দম্পতি ও তাদের তিন সন্তানসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র।

আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, “যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় বোমাবর্ষণ কখনোই পুরোপুরি থামেনি। যুদ্ধ চলছেই, আর প্রতিদিন মানুষ মারা যাচ্ছে।” তার মন্তব্য যুদ্ধবিরতির বাস্তব পরিস্থিতি স্পষ্ট করে তুলে ধরে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, খান ইউনুস এলাকায় তাদের বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে হামাসের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তাদের ভাষায়, ইসরায়েলের নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় তারা “দৃঢ় পদক্ষেপ” নিতে থাকবে।

অন্যদিকে হামাস এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল “দুর্বল ও মিথ্যা অজুহাতে” হামলা চালিয়েছে। হামাসের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু “আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা পুনরায় শুরু করার পথ খুঁজছেন।”

যুদ্ধবিরতির মধ্যেও এমন হামলা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে এবং মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি করেছে।