সারাবিশ্ব

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত

গাজায় কার্যকর যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তবে বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিন নতুন নতুন অঞ্চল লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে উপত্যকাটি আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। ইতোমধ্যে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে-যা গাজার ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক গণহত্যার চিত্র তুলে ধরছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃত্যু হয়েছে অন্তত ৭০ হাজার ১০০ মানুষ; আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক সপ্তাহ পরেও এই ভয়াবহ হতাহতের ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে খান ইউনিসের বানি সুফাইলা শহরে আল-ফারাবি স্কুলের নিকটে বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারায় দুই শিশু-জুমা ও ফাদি তামের আবু আসসি। গুরুতর আহত অবস্থায় তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তারা মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার স্থানটি যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর বাইরে ছিল।

একই দিনে আল-কারারা শহরে ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলায় আরও অন্তত তিনজন আহত হন। রাজধানী গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায়ও ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণের রাফাহ শহরের পূর্বাঞ্চলেও বিস্ফোরণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

এর আগের দিন নাসের মেডিকেল কমপ্লেক্স নিশ্চিত করে যে, বানি সুফাইলায় ইয়েলো লাইন-এর বাইরে ইসরায়েলি ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।

যুদ্ধবিরতি সত্ত্বেও অব্যাহত হামলা গাজার মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যেখানে লাখ লাখ মানুষ খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকটে দিন কাটাচ্ছে।