সারাবিশ্ব

রাশিয়ার বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত, দাবি ট্রাম্পের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

রাশিয়ার বদলে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত, দাবি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করতে যাচ্ছে ভারত-এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে ভারতের বিপুল পরিমাণ তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটেই এই মন্তব্য করেছেন তিনি।

শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “ভারত এগিয়ে আসছে। তারা এখন ইরান থেকে নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। আমরা এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছি-অন্তত ধারণাগতভাবে।”

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ভারত বরাবরই ইরান থেকে তেল আমদানি সীমিত রাখত। তবে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়ার তেলের দাম কমে গেলে ভারত রাশিয়ার দিকেই ঝুঁকে পড়ে। এতে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে চাপ সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে ট্রাম্প সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের ওপর চাপ বাড়ান। গত আগস্টে ইউক্রেনে শান্তি আলোচনায় মস্কোকে বাধ্য করার উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করা হয়। উদ্দেশ্য ছিল-ভারতকে রাশিয়ার তেল আমদানি থেকে নিরুৎসাহিত করা।

তবে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইঙ্গিত দেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ায় অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হতে পারে।

এরপর মার্চ মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে উত্তেজনা বাড়লে, ভেনেজুয়েলার তেল আমদানিকারক দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর আগে গত বছর ভারতকেও একই ধরনের শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছিল।

এই সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার তেল খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। এতে মার্কিন কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনাবেচা সহজ হবে বলে জানানো হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্ত বিদ্যমান তেল সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সহায়ক হবে এবং শিগগিরই নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে আরও ঘোষণা আসতে পারে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। গত এক বছরে দুই দেশের সম্পর্ক নানা কারণে চাপের মুখে পড়েছিল।

এদিকে ট্রাম্প আরও বলেন, চীন চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে ভেনেজুয়েলার তেল আমদানি করতে পারে।