সারাবিশ্ব

ইরানে হামলা নিয়ে এরদোয়ানের কঠোর হুঁশিয়ারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৯:৩৫ এএম

ইরানে হামলা নিয়ে এরদোয়ানের কঠোর হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি সাম্প্রতিক সব ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কূটনৈতিক সমাধানের আহ্বান জানান।

এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম হুমকিস্বরূপ। এই হামলার ঘটনায় তুরস্ক গভীর দুঃখ প্রকাশ করছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, শক্তি প্রয়োগ নয়-সংলাপ ও কূটনীতিই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।

একই সঙ্গে উপসাগরীয় বিভিন্ন দেশে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলারও সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি এসব হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে সতর্ক করেন, পাল্টাপাল্টি এই সহিংসতা দ্রুত একটি বৃহত্তর আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে, যার প্রভাব সীমান্ত ছাড়িয়ে আরও বিস্তৃত হবে।

গত শনিবার ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য নতুন করে তীব্র সামরিক উত্তেজনার মুখে পড়ে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ চিরতরে বন্ধ করার অঙ্গীকারের কথা জানান।

এই পরিস্থিতিতে এরদোয়ান বলেন, সহিংসতা বন্ধে আঙ্কারা কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করবে। তুরস্কের প্রধান লক্ষ্য হবে প্রথমে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করা, এরপর সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। তিনি বিশেষভাবে মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই রক্তক্ষয়ী সংঘাত থামাতে দ্রুত ও ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়া জরুরি।

সতর্কবাণী উচ্চারণ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যদি শুভবুদ্ধির উদয় না হয় এবং কূটনীতিকে যথাযথ সুযোগ না দেওয়া হয়, তবে পুরো মধ্যপ্রাচ্যই আগুনের কুণ্ডলীতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। তিনি জানান, তুরস্ক ইতোমধ্যে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করেছে এবং এই সংকটে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড