সারাবিশ্ব

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় চীনের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, এ বিষয়ে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী এবং কী ধরনের জ্বালানি সহায়তা প্রয়োজন তা জানতে চেয়েছে বেইজিং।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করছে।

ইয়াও ওয়েন আরও জানান, জ্বালানি খাতের পাশাপাশি বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প নতুন সরকার ও চীনের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি। এই প্রকল্পে দ্রুত কাজ শুরুর বিষয়ে উভয় পক্ষই আশাবাদী। পাশাপাশি নতুন ঋণ সুবিধা এবং চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম তিন সপ্তাহেই চীনের চারটি কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।