সারাবিশ্ব

একযোগে ৮ মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৩৮ এএম

একযোগে ৮ মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্তত আটটি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার (২৭ জুন) গভীর রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর।

ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে রাত ২টা থেকে ৩টার মধ্যে এই সামরিক অভিযান চালায়। এতে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ মোট আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের দাবি, এ অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে এবং লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে একই দিনে ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর প্রতিক্রিয়ায়ই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ ও চুক্তি লঙ্ঘন করে আসছে। তারা হরমুজ প্রণালিতে একটি অনুপ্রবেশকারী জাহাজ সংক্রান্ত ঘটনার জবাব হিসেবে ইরানের উপকূলীয় চৌকিগুলোতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

এছাড়া, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে চলাচলকারী নৌযান তদারকির দায়িত্ব ইরানের ওপর রয়েছে বলেও উল্লেখ করা হয়।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে নিয়ম লঙ্ঘনকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।