সারাবিশ্ব
কোমে জানাজা শেষে শোক মিছিলে বিদায় জানানো হবে আলি খামেনিকে
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আজ কোম শহরে নেওয়া হবে। সেখানে জানাজার নামাজ শেষে বিশাল শোক মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
কোমের গভর্নর জেনারেল আকবর বেহনামজু জানিয়েছেন, মঙ্গলবার সকাল ছয়টায় পবিত্র জামকারান মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
তিনি বলেন, জানাজা ও শোক মিছিলকে ঘিরে কোম শহরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজার পর পায়াম্বারে আজম সড়ক থেকে হযরত মাসুমা (আ.)-এর পবিত্র মাজারের উদ্দেশে শোক মিছিল বের হবে।
এর আগে সোমবার সকালে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে একটি শোক মিছিল বের করা হয়। সেখানে সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা জানানোর জন্য দুই দিন ধরে আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাখা হয়েছিল।
আয়োজকদের ধারণা, পুরো শোক মিছিল শেষ হতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক অতিক্রম করে মিছিলটি প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে।
রোববার ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী, আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্যের জানাজার নামাজে ইমামতি করেন।
এদিকে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিনিধিদল তেহরানে গিয়ে আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
জানানো হয়েছে, আগামীকাল মরদেহ ইরাকের নজফে ইমাম আলীর মাজার, কারবালায় ইমাম হুসাইন (রা.)-এর মাজার এবং হযরত আব্বাসের মাজারে নেওয়া হবে। এরপর আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।