সারাবিশ্ব

সবাইকে অবাক করে দিয়ে খামেনির শেষ বিদায়ে হাজির আহমাদিনেজাদ!


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

সবাইকে অবাক করে দিয়ে খামেনির শেষ বিদায়ে হাজির আহমাদিনেজাদ!
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার পর তার এই উপস্থিতি দেশটির রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আহমাদিনেজাদের সমর্থক হিসেবে পরিচিত টেলিগ্রাম চ্যানেল ‘দৌলত-ই বাহার’-এ শোকযাত্রায় তার অংশগ্রহণের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। এতে করে রাজনৈতিক অঙ্গনে নীরব পরিবর্তনের ইঙ্গিত খুঁজছেন অনেকেই।

রাজনৈতিক জীবনের শুরুতে মাহমুদ আহমাদিনেজাদের উত্থানে আয়াতুল্লাহ আলি খামেনির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে তিনি খামেনির শক্ত সমর্থন পান। এমনকি ২০০৯ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনেও খামেনি প্রকাশ্যে তার পক্ষে অবস্থান নেন।

তবে ২০১০ সালের পর থেকেই দুই নেতার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তৎকালীন গোয়েন্দামন্ত্রী হেইদার মোসলেহিকে অপসারণকে কেন্দ্র করে এই বিরোধ চরমে পৌঁছে। আহমাদিনেজাদ তাকে সরিয়ে দিলে খামেনি ডিক্রি জারি করে পুনর্বহাল করেন। এর প্রতিবাদে নজিরবিহীনভাবে আহমাদিনেজাদ টানা ১১ দিন কর্মবিরতি পালন করে নিজ বাসভবনে অবস্থান করেন, যা রাষ্ট্রীয় কার্যক্রমে স্থবিরতা তৈরি করে।

এই ঘটনার পর ইরানের শাসকগোষ্ঠীর সঙ্গে তার দূরত্ব আরও বাড়ে। ২০১৩ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করার পর সেই দূরত্ব প্রাতিষ্ঠানিক রূপ নেয়। খামেনির প্রভাবাধীন গার্ডিয়ান কাউন্সিল ২০১৭, ২০২১ ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদকে অংশ নেওয়ার সুযোগ দেয়নি।

এমন দীর্ঘ বিরোধপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে খামেনির শোকযাত্রায় তার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।