সারাবিশ্ব

নাজাফে জনসমুদ্র, কারবালায় নেওয়া হচ্ছে খামেনির মরদেহ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

নাজাফে জনসমুদ্র, কারবালায় নেওয়া হচ্ছে খামেনির মরদেহ
ছবি: সংগৃহীত

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফে নেওয়ার পর এবার তা কারবালায় নেওয়ার প্রস্তুতি চলছে। ছয় দিনব্যাপী শেষকৃত্য কর্মসূচির অংশ হিসেবে কারবালায় শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে নিয়ে দাফন করা হবে।

নাজাফে খামেনির কফিনবাহী গাড়ি শহরের প্রধান সড়ক অতিক্রম করার সময় হাজারো মানুষ রাস্তার দুই পাশে ভিড় করে শেষ শ্রদ্ধা জানান। শোকাহত জনতার হাতে ছিল খামেনির প্রতিকৃতি, ইরাক ও ইরানের জাতীয় পতাকা এবং ইরান-সমর্থিত বিভিন্ন শিয়া সংগঠনের ব্যানার। পুরো এলাকা জুড়ে ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানে মুখর হয়ে ওঠে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খামেনির মরদেহ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা তা গ্রহণ করেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের শীর্ষ কর্মকর্তারাও নাজাফে আয়োজিত শোকানুষ্ঠানে অংশ নেন।

নাজাফে শ্রদ্ধা নিবেদনের পর খামেনির মরদেহ কারবালায় নেওয়া হবে। শিয়া মুসলিমদের কাছে কারবালা অত্যন্ত পবিত্র স্থান। সেখানে ইমাম হুসাইন (রা.)-এর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ আবার ইরানে ফিরিয়ে নিয়ে দাফন সম্পন্ন করা হবে।