সারাবিশ্ব

তেহরানে কফিনের ওপর ট্রাম্পের পুরো পরিবার, নজিরবিহীন প্রতিশোধের বিলবোর্ড


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

তেহরানে কফিনের ওপর ট্রাম্পের পুরো পরিবার, নজিরবিহীন প্রতিশোধের বিলবোর্ড
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের রাজধানী তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে একটি বিতর্কিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। রাজধানীর প্যালেস্টাইন স্কয়ারে স্থাপিত ওই বিলবোর্ডে মার্কিন পতাকায় মোড়ানো কয়েকটি কফিনের ওপর ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের ছবি তুলে ধরা হয়েছে। পটভূমিতে রয়েছে হোয়াইট হাউসের দৃশ্য, যা বিষয়টিকে আরও আলোচনায় এনে দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বিলবোর্ডটিতে ‘রক্তের বদলে রক্ত’ ধরনের প্রতিশোধমূলক বার্তা তুলে ধরা হয়েছে। এতে ট্রাম্পের পাশাপাশি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং সন্তান ইভাঙ্কা ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প, টিফানি ট্রাম্প ও ব্যারন ট্রাম্প-এর ছবিও ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের প্রেক্ষাপটেই এই বিলবোর্ড স্থাপন করা হয়েছে। ইরানি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, এটি দেশটির নেতৃত্বের ওপর হামলার প্রতিক্রিয়ায় প্রতীকী বার্তা হিসেবে প্রকাশ করা হয়েছে।

এদিকে তেহরানের আরেক গুরুত্বপূর্ণ এলাকা এঙ্গেলাব স্কয়ারেও ট্রাম্পকে ঘিরে আরেকটি বিতর্কিত দেয়ালচিত্র দেখা গেছে। সেখানে একটি খোলা কফিনে ট্রাম্পের প্রতিকৃতি দেখিয়ে হুমকিসূচক বার্তা লেখা হয়েছে। পাশাপাশি আরেকটি ম্যুরালে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ রাজনীতিককে ইঙ্গিত করে ‘পরবর্তী কে?’ প্রশ্নও তুলে ধরা হয়েছে।

প্যালেস্টাইন স্কয়ার দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী রাজনৈতিক প্রচারণার কেন্দ্র হিসেবে পরিচিত। আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাকে ঘিরে এখানে নিয়মিত বড় বড় বিলবোর্ড ও দেয়ালচিত্র প্রদর্শন করা হয়।

অন্যদিকে, ইরানের শীর্ষ নেতাদের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে হামলার প্রতিশোধ নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করে বলেছেন, তার বা মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।

উল্লেখ্য, এসব বিলবোর্ড ও ম্যুরালের বার্তা ইরানে প্রচারমূলক উপস্থাপনার অংশ। এতে উত্থাপিত অভিযোগ বা প্রতিশোধের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: দ্য টেলিগ্রাফ