সারাবিশ্ব

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী মানুষকে আনন্দিত করেছে: ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম

স্পেনের জয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী মানুষকে আনন্দিত করেছে: ইরান
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এই জয়ে দেশটিকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে ইরান, পাশাপাশি এটিকে বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের আনন্দের প্রতীক হিসেবে উল্লেখ করেছে তেহরান।

সোমবার (২০ জুলাই) তেহরান থেকে দেওয়া এক বিবৃতিতে ইরান জানায়, স্পেনের এই সাফল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী অবস্থানে থাকা মানুষের মাঝে বিশেষ আনন্দের সৃষ্টি করেছে।

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের কড়া সমালোচনা এবং ইরানের বিরুদ্ধে সংঘাতের বিরোধিতা করায় সাম্প্রতিক সময়ে স্পেন সরকার ও তাদের জাতীয় ফুটবল দল বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন পায়। কয়েক মাস ধরেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধেও অবস্থান নেয় দেশটি।

অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরায়েলের নীতির প্রতি সমর্থন জানান। আর্জেন্টিনার পক্ষে অবস্থান নিয়েছিলেন ইসরায়েলের বিভিন্ন রাজনীতিবিদ ও সমর্থকরাও। রোববার নিউইয়র্ক-নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্পেন।

এরপর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ফিলিস্তিনের পক্ষে খেলোয়াড়দের অবস্থান এবং ইরানের প্রতি স্পেনের সমর্থন তাদের জাতিগত মূল্যবোধেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, এই জয় শুধু স্পেনের জনগণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের পক্ষে থাকা মানুষের হৃদয়েও আনন্দ জাগিয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও স্পেনের অবস্থানকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের দৃঢ় অবস্থান এবং তাদের জাতীয় দলের আচরণ অত্যন্ত মূল্যবান।

সূত্র: আল জাজিরা