সারাবিশ্ব

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, জরুরি সতর্কতা জারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, জরুরি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ওই এলাকায় আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ ঘটনায় পুরো রিয়াদ শহরে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার সকালে বিমানবন্দরের দিক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর আকাশে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া দেখা যায়।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিস্ফোরণের পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিমান চলাচলে সর্বোচ্চ মাত্রার ৫ দশমিক ০ বিঘ্ন সূচক রেকর্ড করা হয়। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েকটি ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রিয়াদজুড়ে সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছিল বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো বার্তায় সম্ভাব্য শত্রুপক্ষের বিমান হামলার আশঙ্কার কথা জানিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।

সতর্কতা জারির প্রায় আধা ঘণ্টার মধ্যে স্থানীয় বাসিন্দারা দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে সাম্প্রতিক সংঘাতের কারণে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে আশ্রয় নিয়েছেন।

এদিকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা চলতি মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও বাব আল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। হরমুজ প্রণালির পরিস্থিতির পর সৌদি আরব তেল রপ্তানির জন্য যে লোহিত সাগরীয় পথ ব্যবহার করছিল, সেখানে হুতিরা নৌ অবরোধের ঘোষণা দিয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে হুতিদের দাবি, সৌদি জাহাজ ছাড়া অন্যান্য বাণিজ্যিক জাহাজের জন্য ওই নৌপথ উন্মুক্ত রাখা হয়েছে।