সারাবিশ্ব

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, প্রাণহানি ৬৩ ছাড়িয়েছে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৪:০০ পিএম

টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, প্রাণহানি ৬৩ ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিপাত, মেঘভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে। রাজ্যটির বিভিন্ন জেলায় এসব দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মান্ডি, কাংরা, চাম্বা, শিমলা, বিলাসপুর, হামিরপুর, কিন্নর, কুল্লু, লাহুল স্পিতি, সিরমাউর, সোলান ও উনা জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপি, তবে স্থানীয় প্রশাসন বলছে প্রকৃত ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলায় প্রাণ হারিয়েছেন ১৭ জন, নিখোঁজ অন্তত ৪০।

হিমাচলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ সচিব ডি.সি. রানা বলেন, “আমরা এখন উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। চূড়ান্ত ক্ষতির পরিমাণ নির্ধারণে কিছুটা সময় লাগবে।”

প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে ৫০০টির বেশি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অচল হয়ে পড়েছে ৫০০টিরও বেশি বিদ্যুৎ ট্রান্সফর্মার, ফলে হাজারো মানুষ পড়েছেন বিদ্যুৎ ও পানির সংকটে। এতে খাদ্যসংকটও তৈরি হয়েছে, যা এক নতুন মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

এছাড়া দুর্যোগে ৩০০ গবাদিপশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৬৪টি গরু রয়েছে বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, কাদামাটির প্রবল স্রোতে ভেসে যাচ্ছে বাড়িঘর, মানুষ দিশেহারা হয়ে পালাচ্ছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী ৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

এই ভয়াবহ দুর্যোগে পুরো হিমাচল এক মানবিক সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বিশ্লেষকরা।