সারাবিশ্ব

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে নিহত বেড়ে ১৬


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৮:৩৭ পিএম

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে নিহত বেড়ে ১৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তবর্তী বিতর্কিত এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো ভয়াবহ গোলাগুলি চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ১৫ জনই থাইল্যান্ডের নাগরিক এবং একজন কম্বোডীয়। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন, বেশিরভাগই বেসামরিক। ঘর ছেড়েছেন দুদেশের প্রায় ১ লাখ ২০ হাজার বাসিন্দা।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার জরুরি বৈঠকে বসছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশও সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

রয়টার্স জানায়, সংঘাতের কেন্দ্রবিন্দু বিতর্কিত তা মোন থম মন্দির এলাকা। বৃহস্পতিবার সকালে এই এলাকাকে ঘিরেই সংঘর্ষ শুরু হয়, যাতে নিহত হন দুই থাই নাগরিক। এরপর পরিস্থিতি আরও ঘোলাটে হয়, যখন থাইল্যান্ড কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এবং নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে। পাল্টা পদক্ষেপ হিসেবে কম্বোডিয়াও তাদের সব কূটনীতিককে ফিরিয়ে নেয় এবং থাই কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ দেয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন থাই এয়ারফোর্স তাদের ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে এবং এর মধ্যে একটি থেকে কম্বোডিয়ার ভূখণ্ডে বোমা হামলা চালানোর অভিযোগ ওঠে। কম্বোডিয়া এই হামলাকে "নৃশংস ও বর্বর সামরিক আগ্রাসন" বলে আখ্যা দেয়।

চলমান সংঘাত নিয়ে চীন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। বিশেষ করে চীন জানিয়েছে, তারা এই সংঘাত বন্ধে প্রয়োজনীয় ভূমিকা রাখতে প্রস্তুত।

এই সংঘাত নতুন নয়। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সংযোগস্থলে অবস্থিত এমারাল্ড ট্রায়াঙ্গল অঞ্চলটি নিয়ে বহুদিন ধরে বিরোধ চলছে। এই অঞ্চলে অবস্থিত ‘প্রেহা ভিহিয়া’ মন্দিরকে কেন্দ্র করেই মূলত দ্বন্দ্বের সূচনা। ১৯৬২ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, মন্দিরটি কম্বোডিয়ার অংশ। যদিও কম্বোডিয়া রায়টি স্বাগত জানালেও থাইল্যান্ডে তা ব্যাপক অসন্তোষ ও রাজনৈতিক সংকটের জন্ম দেয়।

২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত একাধিকবার সীমান্ত সংঘর্ষে প্রাণহানি ঘটে। ২০১৩ সালে আইসিজে আবারও রায় দেন যে, মন্দিরের আশপাশের বিতর্কিত ভূখণ্ডও কম্বোডিয়ার। তবে বর্তমানে যে সংঘাত চলছে, তা দেখিয়ে দেয়—সেই আইনি রায়ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারেনি।