সারাবিশ্ব
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫১ জন, শিশু ও সাংবাদিকও হারালেন প্রাণ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় আবারও রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় টানা বোমাবর্ষণে অন্তত ৫১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ছয় বছর বয়সী জমজ শিশু এবং তিনজন সাংবাদিক।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী গাজার অন্যতম উঁচু আবাসিক ভবন আল-ঘাফরি হাইরাইজ ধ্বংস করে দেয়। এ ঘটনায় হাজারো পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজে অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে। অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ টিভি জানিয়েছে, গাজার উত্তর ও পশ্চিমাঞ্চলে চালানো হয়েছে “অস্বাভাবিক তীব্র হামলা।”
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহে অন্তত ৫০টি বহুতল ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। শুধু জায়তুন এলাকায় আগস্টের শুরু থেকে প্রায় ১ হাজার ৫০০’র বেশি বাড়িঘর মাটির সঙ্গে মিশে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আল-কুইফি, ফটোগ্রাফার ও সম্প্রচার প্রকৌশলী আইমান হানিয়ে এবং সাংবাদিক ইমান আল-জামিলি। এ নিয়ে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সংখ্যা প্রায় ২৮০ জনে দাঁড়িয়েছে, যা আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধক্ষেত্র হিসেবে সাংবাদিকদের সামনে হাজির হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৯০৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৪ হাজার ৯২৬ জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের দাবি, এখনও ধ্বংসস্তূপের নিচে অগণিত মরদেহ চাপা পড়ে আছে, যেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।