সারাবিশ্ব

ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় ডিভোর্স দিলেন স্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম

ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় ডিভোর্স দিলেন স্ত্রী
প্রতীকী ছবি

স্ত্রীর ফোন নম্বর মোবাইলে ‘তোম্বিক’ অর্থাৎ ‘মোটু’ বা ‘গুলুমুলু’ নামে সেভ করায় বিবাহবিচ্ছেদ হলো এক তুর্কি দম্পতির। আদালত বলেছে, এই শব্দ ব্যবহার ‘অসম্মানজনক’ এবং ‘বিবাহের জন্য ক্ষতিকর’।

মামলার শুনানিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্বামী বারবার স্ত্রীকে হুমকি ও কটু বার্তা পাঠাতেন। তিনি এমনকী স্ত্রীর কাছ থেকে নিজের বাবার অস্ত্রোপচারের খরচও দাবি করেছিলেন। এই সব আচরণকে আদালত ‘মানসিক ও অর্থনৈতিক সহিংসতা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

স্বামী পাল্টা অভিযোগ করেছিলেন, স্ত্রী অন্য একজন পুরুষকে বাড়িতে এনেছেন। কিন্তু তদন্তে দেখা যায়, ওই ব্যক্তি শুধু একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন এবং তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলেনি।

আদালত সিদ্ধান্ত দেয় যে, অপমানজনক ডাকনাম, হুমকি এবং অর্থনৈতিক চাপের জন্য মূল দায় স্বামীর। তুর্কি আইনের আওতায় কারও মর্যাদা বা সম্মান ক্ষুন্ন করার জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।

শেষ পর্যন্ত দম্পতির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় এবং স্বামীকে তার প্রাক্তন স্ত্রীকে মানসিক ও আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। ক্ষতিপূরণের পরিমাণ প্রকাশ করা হয়নি। সামাজিক মাধ্যমে এই রায় নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে; কেউ এটিকে ন্যায়সঙ্গত বলেছেন, আবার কেউ ডাকনামকে ‘মিষ্টি’ বা রসিক আখ্যায়িত করেছেন।