সারাবিশ্ব

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী এবং ছেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্টকে “মাদক কারবারিদের পৃষ্ঠপোষক” হিসেবে উল্লেখ করে ট্রেজারিমন্ত্রী বলেন, “গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকেই কলম্বিয়ায় কোকেন উৎপাদনে বিপুল বৃদ্ধি ঘটেছে। ২০২২ সালের পর থেকে যে পরিমাণ কোকেন উৎপাদিত হয়েছে, তা গত কয়েক দশকের রেকর্ড ছাড়িয়েছে। এই বিপুল পরিমাণ কোকেন যুক্তরাষ্ট্রে ঢুকে আমাদের জনগণের জীবন বিপন্ন করছে।”

স্কট বেসেন্ট আরও বলেন, “কোকেন উৎপাদক ও কারবারিদের দমন করার পরিবর্তে প্রেসিডেন্ট পেত্রো তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদকবিরোধী যুদ্ধে অটল, তাই যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর এই কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা যুক্তরাষ্ট্রে মাদকপাচার বরদাস্ত করব না।”

নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই এক প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অভিযোগ অস্বীকার করে বলেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় “ভিত্তিহীন ও মিথ্যা” তথ্য প্রচার করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের ট্রেজারি যা বলছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমার সরকারের আমলে কোকেন উৎপাদন নয়, বরং হ্রাস পেয়েছে। আমরা ইতিহাসে সর্বাধিক পরিমাণ কোকেন জব্দ করেছি- এমন নজির কোনো দেশ আগে দেখাতে পারেনি।”

ঘটনাটি লাতিন আমেরিকার রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র–কলম্বিয়া সম্পর্ককে নতুন এক সংকটে ফেলতে পারে।

কলম্বিয়ার অভ্যন্তরেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধীরা পেত্রোর বিরুদ্ধে তদন্ত দাবি করলেও তার সমর্থকেরা এটিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিষেধাজ্ঞা” হিসেবে দেখছেন।

সূত্র: রয়টার্স