সারাবিশ্ব
পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতায় নামছে ইরান
সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষে জড়ানো পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে মধ্যস্থতায় এগিয়ে এসেছে ইরান। দুই দেশের অচলাবস্থা দূর করতে আগামী সপ্তাহে তেহরানে গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে।
ইসলামাবাদ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের অস্থিতিশীলতার পর এবার প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
জানা যায়, তেহরানে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর। এর আগে দোহা, ইস্তাম্বুল ও জেদ্দায় কয়েক দফা আলোচনা হলেও তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। সে কারণে নতুনভাবে এই উচ্চপর্যায়ের আলোচনার উদ্যোগ নেয় তেহরান।
বৈঠকের অন্যতম বিশেষ দিক হলো—এতে চীন ও রাশিয়ার অংশগ্রহণেরও সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে স্পষ্ট হয় যে অঞ্চলটির বড় শক্তিগুলো পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আসন্ন বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেবেন দেশের আফগানিস্তান-বিষয়ক বিশেষ দূত মুহাম্মদ সাদিক।
সূত্র: মেহের নিউজ