সারাবিশ্ব
ট্রেনের ধাক্কায় শাবকসহ ৭ হাতির মৃত্যু, লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেস
ভারতের আসাম রাজ্যে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় একটি শাবকসহ অন্তত ৭টি বুনো হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ২টা ১৭ মিনিটে হোজাই জেলার যমুনামুখ-কামপুর সেকশনে এই দুর্ঘটনা ঘটে।
এতে দিল্লিগামী 'রাজধানী এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে ট্রেনের যাত্রীদের কেউ হতাহত হননি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মিজোরামের সাইরাং থেকে নয়াদিল্লিগামী ট্রেনটি যখন ওই এলাকা অতিক্রম করছিল, তখন ১১-১২টি হাতির একটি পাল রেললাইনে চলে আসে। চালক জরুরি ব্রেক কষলেও প্রবল বেগের কারণে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত।
দুর্ঘটনার পর উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে রেল যোগাযোগ কয়েক ঘণ্টার জন্য ব্যাহত হয়। আটকে পড়া যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে ইতিমধ্যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা জানান, যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কোনো নির্ধারিত 'এলিফ্যান্ট করিডর' বা হাতির চলাচলের জন্য গতি নিয়ন্ত্রিত এলাকা ছিল না। চালক পালটি দেখার সাথে সাথেই ব্রেক কষেছিলেন কিন্তু দুর্ঘটনা রোধ করা যায়নি।
বর্তমানে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, ভারতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে; সরকারি তথ্য মতে গত ৫ বছরে দেশটিতে এভাবে অন্তত ৭৯টি হাতি প্রাণ হারিয়েছে।