সারাবিশ্ব

নিরাপত্তা শঙ্কায় মার্কিন নাগরিকদের ‘এখনই ইরান’ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

নিরাপত্তা শঙ্কায় মার্কিন নাগরিকদের ‘এখনই ইরান’ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

ইরানে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং সহিংসতায় নিজ দেশের নাগরিকদের ‘এখনই ইরান’ দেশ ছাড়ার জন্য সতর্কসংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ নির্দেশনা জারি করে জানায়, ইরানজুড়ে চলমান বিক্ষোভ দ্রুত বাড়ছে এবং তা সহিংসতায় রূপ নিতে পারে।

যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল এমবাসি তেহরান সোমবার একটি নিরাপত্তা সতর্কতা জারি করে বলেছে, বিক্ষোভ ও সহিংসতায় ইরানের সার্বিক পরিস্থিতি কঠোরভাবে অবনতি হচ্ছে। দেশজুড়ে বিক্ষোভ, ব্যাপক গ্রেপ্তার, আহত ও অনিশ্চিত পরিবেশের কারণে আমেরিকার নাগরিকদের তৎক্ষণাৎ ইরান থেকে বের হয়ে যেতে বলা হয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে ইরানের বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং রোড ব্লক, গণপরিবহন ব্যাঘাত, ইন্টারনেট বিচ্ছিন্নতা ইত্যাদি সমস্যার কারণে দৈনন্দিন জীবন বিপর্যস্ত।

নিরাপদ রুট ও যোগাযোগ ব্যবস্থা পরিকল্পনা করে আর্মেনিয়া বা তুরস্কের দিকে স্থলপথে তৎক্ষণাৎ দেশ ছাড়ার কথা ভাবতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কবার্তায় আরো বলা হয়েছে, যারা দেশছাড়া করতে পারবেন না, তাদের নিরাপদ স্থানে থাকা এবং প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধ সংগ্রহ করে রাখার কথা বলা হয়েছে। 

ইরানের সীমান্ত এলাকা ও আন্তর্জাতিক পরিবহন পরিষেবা যেমন বিমান যোগাযোগও ব্যাহত হতে পারে, এ কারণেই নাগরিকদের যথাসম্ভব দ্রুত এবং নিরাপদভাবে দেশ ত্যাগে উদ্যোগ নিতে বলা হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়, স্থানীয় গণমাধ্যমে পরিস্থিতির সর্বশেষ খবর নজরে রাখতে হবে এবং প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। মোবাইল ফোন চার্জ রাখা এবং পরিবার–পরিজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার কথাও বলা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য পেতে ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (স্টেপ)’–এ নিবন্ধনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরান ত্যাগের ক্ষেত্রে মার্কিন–ইরানি দ্বৈত নাগরিকদের ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে বলে জানানো হয়েছে। কারণ ইরান দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি দেয় না এবং এসব নাগরিককে কেবল ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে। নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রমাণ বা মার্কিন পাসপোর্ট দেখানো হলে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার বা আটক হওয়ার ঝুঁকি রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সোমবার পর্যন্ত আর্মেনিয়ার আগারাক/নর্দুজ স্থল সীমান্ত খোলা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা সেখানে ভিসা ছাড়াই সর্বোচ্চ ১৮০ দিন থাকতে পারবেন। তুরস্কের গুরবুলাক/বাজারগান, কাপিকয়/রাজি ও এসেন্দেরে/সেরও সীমান্ত পথও খোলা রয়েছে। তবে আজারবাইজান, আফগানিস্তান, ইরাক কিংবা পাকিস্তান–ইরান সীমান্ত ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র–এর সঙ্গে ইরান–এর কোনো কূটনৈতিক বা কনস্যুলার সম্পর্ক নেই। ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী রাষ্ট্র হিসেবে তেহরানে সুইস দূতাবাস এই দায়িত্ব পালন করছে।