সারাবিশ্ব
গাজার ‘শান্তি বোর্ডে’ যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত গাজার “শান্তি বোর্ড”-এ পাকিস্তানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শিগগিরই এই বোর্ডে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) জানিয়েছে।
এফও-এর মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, “পাকিস্তান গাজায় শান্তি ও নিরাপত্তার আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকবে, যা জাতিসংঘের প্রস্তাব অনুসারে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাবে।”
‘শান্তি বোর্ড’ গঠিত হচ্ছে ট্রাম্পের ২০-দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে। ইসরাইলের দুই বছরের বোমাবর্ষণের পর ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর পুনর্নির্মাণ এবং নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
এখন পর্যন্ত বোর্ডে যুক্তরাষ্ট্র ছাড়াও তুরস্ক, মিশর, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ইতালি, মরক্কো, ব্রিটেন, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াসহ প্রায় ৬০টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্প নিজেকে বোর্ডের সভাপতি হিসেবে ঘোষণা করেছেন।
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বোর্ডের সনদে গাজার নাম সরাসরি উল্লেখ নেই, যা ইঙ্গিত দেয় ট্রাম্প এটিকে জাতিসংঘের বিকল্প হিসেবে উপস্থাপন করতে চাইছেন।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বিশ্বব্যাংকের সভাপতি অজয় বাঙ্গা এবং সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে বোর্ডের প্যানেলে অন্তর্ভুক্ত করেছেন। বোর্ডের নেতৃত্ব দেবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাথ, যিনি ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণসহ উচ্চাভিলাষী পরিকল্পনা প্রণয়ন করেছেন।