সারাবিশ্ব
মিনাবে স্কুলে প্রাণঘাতী হামলায় ইরানকেই দায়ী করলেন ট্রাম্প
দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ বিমান হামলার ঘটনায় ইরানকেই দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলায় ব্যবহৃত গোলাবারুদের ধরন ও নির্ভুলতার ঘাটতি দেখে মনে হচ্ছে এটি ইরানেরই কাজ।
শনিবার (৭ মার্চ) প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ 'এয়ার ফোর্স ওয়ান' -এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী হামলার সঙ্গে ইরানই জড়িত। ট্রাম্পের ভাষ্য, ইরানের ব্যবহৃত অস্ত্রশস্ত্র খুব বেশি নিখুঁত নয় এবং তাদের গোলাবারুদের নির্ভুলতা কম।
এর আগে দক্ষিণ ইরানের মিনাব শহরে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৫ জনের বেশি ছাত্রী ও কর্মী নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান। নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী।
যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্কুলের শিক্ষার্থীদের মৃত্যুর বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি আবারও ইরানকেই দায়ী করেন। তিনি বলেন, তিনি যে তথ্য দেখেছেন তার ভিত্তিতে মনে করছেন হামলাটি ইরানই চালিয়েছে।
তবে এ বিষয়ে ভিন্ন সুর শোনা গেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক সচিব পিট হেগসেথ -এর বক্তব্যে। তিনি জানিয়েছেন, মিনাবের ওই হামলার ঘটনা এখনও তদন্তাধীন এবং তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।