সারাবিশ্ব

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সরাসরি ইরানের পাশে দাঁড়ালো চীন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সরাসরি ইরানের পাশে দাঁড়ালো চীন
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে চীন। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বহু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চীন ২ লাখ ডলারের জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে।

শুক্রবার (১৩ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক বিবৃতিতে জানান, এই সহায়তা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় ব্যবহৃত হবে।

গুয়ো জিয়াকুন বলেন, একটি স্কুলে হামলা এবং নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, চীন মানবিক মূল্যবোধে বিশ্বাস করে এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠছে। তিনি সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তায়্যিবাহ প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।