সারাবিশ্ব
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত অস্ত্র উৎপাদন কেন্দ্র ও একটি সাইবার প্রযুক্তি স্থাপনায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন স্থাপনাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে।
ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বিবৃতিতে আরও দাবি করা হয়, লক্ষ্যবস্তুতে থাকা সাইবার প্রযুক্তি কেন্দ্রটি ইসরায়েলি বাহিনীকে গাইডেড অস্ত্র ব্যবস্থার জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে আসছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ তোলে ইরান।
এই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পরিস্থিতি দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।