সারাবিশ্ব
একাত্তরের গণহত্যার বিচারে ভারত বাংলাদেশের পাশে থাকবে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ ও পাকিস্তানের চালানো গণহত্যার বিচারের প্রতি সমর্থন প্রকাশ করেছে। শুক্রবার এই ঘোষণা দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রণধীর জয়সোয়াল বলেন, “১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তানের নৃশংসতা বিশ্ববিবেককে হিলিয়ে দিয়েছিল। লাখ লাখ নিরপরাধ মানুষ নিহত হয়েছেন এবং নারীদের উপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছিল। এই লড়াইয়ে আমরা বাংলাদেশের পাশে আছি।” তিনি আরও বলেন, পাকিস্তান আজও এই অপরাধ অস্বীকার করছে।
তিনি জানান, ভারত বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভার স্পিকার ওম বিড়লা-এর মাধ্যমে অভিনন্দনপত্র পাঠিয়েছেন, যেখানে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়েছে।
জয়সোয়াল বলেন, “নতুন সরকারে আলোচনা ও সহযোগিতার সুযোগ রয়েছে। আমরা কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে চাই না, বরং এটিকে আরও শক্তিশালী ও প্রসারিত করতে চাই।” এই ঘোষণার মাধ্যমে ভারত স্পষ্টভাবে একাত্তরের গণহত্যার বিচারে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।