সারাবিশ্ব
কুকুরছানাকে স্কুলে ভর্তি, মাসিক খরচ ২ লাখ
চীনের সাংহাইয়ে এক তরুণী তার পোষা কুকুরের জন্য ব্যয়বহুল ও বিশেষায়িত কিন্ডারগার্টেনে ভর্তি করিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনার জন্ম দিয়েছেন। নব্বইয়ের দশকে জন্ম নেওয়া তাওতাও (ছদ্মনাম) নামের ওই নারী তার ছয় মাস বয়সী সামোয়েড জাতের কুকুরছানাকে এই স্কুলে পাঠিয়েছেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কাজের ব্যস্ততার কারণে কুকুরটিকে পর্যাপ্ত সময় দিতে না পারায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি মাসে খরচ হচ্ছে প্রায় ১২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা।
কুকুরটি এই স্কুলে ব্যক্তিগত আচরণগত প্রশিক্ষণ, সামাজিকীকরণ কার্যক্রম এবং প্রতিদিন স্কুল বাসে যাতায়াতের সুবিধা পাচ্ছে। ভর্তি হওয়ার আগে কুকুরটির মেজাজ ও ব্যক্তিত্ব পরীক্ষা করা হয়, যাতে তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি করা যায়। প্রতিদিনের বোর্ডিং এবং বিশেষ ইন্টারঅ্যাকশন ক্লাসের খরচও এই মাসিক ফিতে অন্তর্ভুক্ত। মালিক চাইলে অনলাইনের মাধ্যমে সারাদিন কুকুরটির কর্মকাণ্ড তদারকি করতে পারেন।
স্কুলের প্রতিষ্ঠাতা চেন জানিয়েছেন, এই ধরনের উচ্চমানের পরিষেবার চাহিদা বর্তমানে অত্যন্ত বেশি। সাধারণ ডে-কেয়ার পরিষেবার খরচ প্রায় ৯৫০ ইউয়ান থেকে শুরু হলেও, তাওতাওয়ের মতো ব্যক্তিগত ও উচ্চমানের পরিষেবার জন্য ১০ হাজার ইউয়ানের বেশি খরচ স্বাভাবিক হয়ে উঠেছে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন যে, এটি অনেক সময় সাধারণ মানুষের সন্তানের কিন্ডারগার্টেনের এক সেমিস্টারের খরচের সমান।
চায়না পেট ইন্ডাস্ট্রি হোয়াইট পেপার-২০২৬ অনুযায়ী, দেশটিতে পোষা প্রাণীকেন্দ্রিক শিল্পের বাজার অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত বছর শহুরে পোষা প্রাণী শিল্পের বাজার প্রায় ৩১ হাজার ৪০০ কোটি ইউয়ান পৌঁছেছে, যা ২০২৮ সালের মধ্যে ৪০ হাজার ৫০০ কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে।
বাজার বিশেষজ্ঞদের মতে, একাকিত্ব দূর করা এবং আধুনিক জীবনযাত্রার অংশ হিসেবে পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করায়, এমন ব্যয়বহুল ও বিশেষায়িত পরিষেবার চাহিদা ক্রমবর্ধমান।