সারাবিশ্ব

তেলের বাজার উন্মুক্ত না করলে চরম খেসারত দিতে হবে: ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ এএম

তেলের বাজার উন্মুক্ত না করলে চরম খেসারত দিতে হবে: ইরান
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ও বৈশ্বিক জ্বালানি বাজার ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর বার্তা দিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। তিনি সতর্ক করে বলেছেন, তেলের বাজারে সমতা নিশ্চিত না করলে বিশ্বকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে।

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইরানের তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করে একই সঙ্গে দেশটির কাছ থেকে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আরেফ বলেন, বৈশ্বিক শক্তিগুলোর সামনে এখন দুটি পথ খোলা—সব দেশের জন্য জ্বালানি বাজার উন্মুক্ত করা অথবা সম্ভাব্য জ্বালানি সংকটের ঝুঁকি নেওয়া। তার ভাষ্য অনুযায়ী, ইরানকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করার যে প্রচেষ্টা চলছে, তা শেষ পর্যন্ত অন্য দেশগুলোর ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও উল্লেখ করেন, তেলের দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের ওপর আরোপিত অর্থনৈতিক ও সামরিক চাপ প্রত্যাহারের ওপর। এই চাপ অব্যাহত থাকলে বিশ্ব জ্বালানি বাজারে স্বাভাবিকতা ফিরে আসবে না বলেও সতর্ক করেন তিনি।

ইরানের দাবি, তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ তুলে নেওয়াই বর্তমান সংকট নিরসনের একমাত্র কার্যকর উপায়। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য এসেছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
 
সূত্র: আল জাজিরা।