সারাবিশ্ব

চিকিৎসা নিতে এসে হাসপাতালের দেওয়াল ধসে ৭ জনের মৃত্যু


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পিএম

চিকিৎসা নিতে এসে হাসপাতালের দেওয়াল ধসে ৭ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরু শহরে একটি হাসপাতালের সীমানা প্রাচীর ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, বোউরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতাল-এর প্রায় ৮ ফুট উঁচু দেয়াল হঠাৎ ভেঙে পড়লে পথচারী ও আশপাশে থাকা লোকজনের ওপর তা আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিশু এবং ফুটপাতে থাকা চারজন দোকানি রয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহতদের মধ্যে এক নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরও পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।