সারাবিশ্ব

ইরানের রাজধানীতে ভূমিকম্প অনুভূত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:২০ এএম

ইরানের রাজধানীতে ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কাছাকাছি এলাকায় মঙ্গলবার রাতে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পারদিস শহরের নিকটবর্তী অঞ্চল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। তেহরান থেকে কেন্দ্রস্থলের দূরত্ব ছিল আনুমানিক ৪১ কিলোমিটার এবং কারাজ শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার।

কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনের প্রভাব তেহরান প্রদেশের পূর্বাঞ্চল ছাড়াও মাজান্দারান প্রদেশের কয়েকটি এলাকায় অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র তেহরান ও মাজান্দারান প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করছিল বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।