সারাবিশ্ব

ধ্বংসস্তূপ থেকে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরি, পুরস্কার জিতলেন গাজার দুই বোন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:৪৬ পিএম

ধ্বংসস্তূপ থেকে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরি, পুরস্কার জিতলেন গাজার দুই বোন
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে পুনর্ব্যবহারযোগ্য ইটে রূপান্তর করে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই কিশোরী বোন ফারাহ ও তালা মুসা। নিজেদের চারপাশের ধ্বংসযজ্ঞ থেকেই এমন উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা পেয়েছেন তারা।

বোমা হামলায় বাড়িঘর বিধ্বস্ত হওয়ার পর বহুবার বাস্তুচ্যুত হয়েছেন এই দুই বোন। বর্তমানে তাঁবুতে বসবাস করলেও থেমে থাকেননি তারা। ধ্বংসাবশেষকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরির চিন্তা থেকেই শুরু হয় তাদের উদ্যোগ। এ কাজের স্বীকৃতি হিসেবে তরুণদের জন্য আয়োজিত ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছেন ফারাহ ও তালা।

১৭ বছর বয়সী তালা মুসা বিবিসিকে বলেন, পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তারা একটি কার্যকর সমাধান খুঁজতে উদ্বুদ্ধ হন। অন্যদিকে ১৫ বছর বয়সী ফারাহ জানান, পুরস্কার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ ডলার তারা আরও মানুষকে ইট তৈরির প্রশিক্ষণ দিতে এবং পুনর্গঠনের কাজে স্থানীয়দের সম্পৃক্ত করতে ব্যয় করতে চান।

দুই বোন ধ্বংসাবশেষ গুঁড়ো করে তার সঙ্গে মাটি, ছাই ও কাচের গুঁড়ো মিশিয়ে বিশেষ ধরনের ব্লক তৈরি করেন। কম খরচে তৈরি ও হালকা ওজনের এসব ব্লক ফুটপাত, পার্টিশন ও বাগানের মতো ভারবহনবিহীন কাজে ব্যবহার উপযোগী বলে জানিয়েছেন তারা। নিজেদের তৈরি ব্লক দিয়ে প্রতিবেশীর একটি তাঁবু শক্তভাবে ধরে রাখার পরীক্ষাও চালান তারা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। ২০২৫ সালের শুরুর দিকে গাজার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়।

সূত্র: বিবিসি