সারাবিশ্ব

ইরানবিরোধী প্রস্তাবের বিপক্ষে ভোট দিল চীন-রাশিয়াসহ ৩ দেশ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:২৫ পিএম

ইরানবিরোধী প্রস্তাবের বিপক্ষে ভোট দিল চীন-রাশিয়াসহ ৩ দেশ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নরসের বৈঠকে ইরানবিরোধী একটি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে চীন, রাশিয়া ও নাইজার। তবে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রস্তাবটি শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের বুধবার (১০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয় এই তিন দেশ। এ ছাড়া ১০টি দেশ ভোটদানে বিরত থাকে এবং ২১টি দেশ প্রস্তাবটির পক্ষে অবস্থান নেয়।

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এর আগে প্রস্তাবটিকে ‘একটি প্রহসন’ হিসেবে আখ্যা দেন।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এমন একটি অবস্থান নিচ্ছে যেখানে ‘আগ্রাসনের শিকার পক্ষের ওপরই সেই আগ্রাসনের ফলে সৃষ্ট সমস্যার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে’।

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সর্বশেষ এই প্রস্তাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।