জাতীয়

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের আলাদা বৈঠকের তেমন সুযোগ নেই: হুমায়ুন কবির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের আলাদা বৈঠকের তেমন সুযোগ নেই: হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের তেমন সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এবারের সফরের মূল লক্ষ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ ও অগ্রাধিকার তুলে ধরা।

স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের ম্যানহাটনে প্রধানমন্ত্রীর অবস্থানস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের লবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়া। ফলে এ সফরে আলাদাভাবে দ্বিপক্ষীয় আলোচনার তেমন সুযোগ নেই।

তবে হুমায়ুন কবির জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। এ ধরনের বৈঠক পরবর্তী সময়ে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এই সফরে তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। জাতিসংঘের এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। সফরসূচি অনুযায়ী তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে যোগ দেবেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিনিধিদলও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি নির্ধারণ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সফরের অন্যতম লক্ষ্য হলো বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি, জাতীয় স্বার্থ ও অগ্রাধিকার তুলে ধরা। পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী নিয়েও এবার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন জানিয়েছেন, রাষ্ট্রীয় অর্থের অপচয় কমানো এবং বহুপক্ষীয় কূটনীতিতে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এবার প্রতিনিধিদলের আকার সীমিত রাখা হয়েছে। আনুষ্ঠানিক প্রতিনিধিদলে ৩৩ জন সদস্য রয়েছেন; এর বাইরে নিরাপত্তাকর্মী, প্রয়োজনীয় গণমাধ্যমকর্মী ও ব্যক্তিগত কয়েকজন কর্মী রয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য হলো-‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরার বিষয়টি গুরুত্ব পাবে।