সারাবিশ্ব
ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন
ভারতের সীমান্তসংলগ্ন দুটি বিমানঘাঁটিতে চীনের ১১টি জে-২০ ‘মাইটি ড্রাগন’ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের তথ্য উঠে এসেছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই মোতায়েনকে চীনের সীমান্তবর্তী অঞ্চলে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনার সক্ষমতার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ভারতের সীমান্তঘেঁষা শিনজিয়াং ও তিব্বতের দুটি বিমানঘাঁটিতে চীনের ১১টি জে-২০ ‘মাইটি ড্রাগন’ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্যাটেলাইট ইমেজিং সংস্থা ‘ভ্যান্টর’-এর উপগ্রহ চিত্র বিশ্লেষণের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুনের শেষ এবং জুলাইয়ের শুরুতে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ৯ জুলাই শিনজিয়াংয়ের হোতান বিমানঘাঁটিতে সাতটি জে-২০ যুদ্ধবিমান দেখা যায়। এটি ভারতের লাদাখের লেহ থেকে প্রায় ৩৮৯ কিলোমিটার এবং দৌলত বেগ ওল্ডি বিমানঘাঁটি থেকে প্রায় ২৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।
অন্যদিকে তিব্বতের দামশুং বিমানঘাঁটিতে আরও চারটি জে-২০ যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে। ঘাঁটিটি ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে প্রায় ৩৪৪ কিলোমিটার দূরে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ‘নিউস্পেস’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক ফাইটার পাইলট সমীর জোশী বলেন, হোতান ও দামশুংয়ে জে-২০-এর উপস্থিতি প্রমাণ করে যে, ভারতের মুখোমুখি উচ্চভূমির বিমানঘাঁটিগুলো থেকে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান পরিচালনা এখন চীনা বিমানবাহিনীর জন্য নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে।
তার মতে, এই পরিস্থিতি ভারতের জন্য কাউন্টার-স্টিলথ সেন্সর, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার হামলা সক্ষমতা দ্রুত আধুনিকায়নের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলেছে।
জে-২০ চীনের প্রথম কার্যকর পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান। রাডার এড়িয়ে চলার সক্ষমতা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতার কারণে এটি আধুনিক আকাশযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে সামরিক বিশ্লেষকদের ধারণা।
বর্তমানে ভারতের নিজস্ব কোনো স্টিলথ যুদ্ধবিমান নেই। দেশটির ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ)’ প্রকল্প চলমান থাকলেও সেটি বিমানবাহিনীতে যুক্ত হতে আরও প্রায় এক দশক সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সামরিকবিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ার জোন-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে চীনের জে-২০ যুদ্ধবিমানের সংখ্যা ছিল প্রায় ৫০টি। ২০২২ সালের শেষে তা বেড়ে প্রায় ২০০-তে পৌঁছায় এবং বর্তমানে এই সংখ্যা ৩০০ থেকে ৫০০-এর মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের (RUSI) অনুমান, ২০৩০ সালের মধ্যে চীন প্রায় এক হাজার জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করতে পারে।
অন্যদিকে ভারতের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান বর্তমানে ফ্রান্সের তৈরি ৪.৫ প্রজন্মের রাফাল। ভারতীয় বিমানবাহিনীর বহরে বর্তমানে ৩৬টি রাফাল রয়েছে। এছাড়া আরও ১১৪টি রাফাল কেনার বিষয়ে আলোচনা চলছে এবং নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল ক্রয়ের চুক্তিও সম্পন্ন হয়েছে।
সূত্র: এনডিটিভি।