সারাবিশ্ব

নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

নরেন্দ্র মোদির কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা তরুণী
ছবিঃ সংগৃহীত

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত এক তরুণীর ক্ষমা প্রার্থনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে হাতজোড় করে নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে ডোরাকাটা টি-শার্ট পরা ওই তরুণী বলেন, আন্দোলনস্থলে উপস্থিত কিছু মানুষের প্ররোচনায় পড়ে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন।

তবে পুলিশের এজাহারে অভিযুক্তের বয়স ২৫ বছর উল্লেখ থাকলেও ভিডিওতে তরুণী নিজেকে ১৫ বছর বয়সী বলে দাবি করেন।

ভিডিওতে তিনি বলেন, ‘আমার বয়স মাত্র ১৫ বছর। আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়। এটি আমার প্রথম ও শেষ ভুল। আমি পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। আমি খুবই লজ্জিত। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’

তবে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিও বার্তায় ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কঠোর শাস্তির পরিবর্তে সংযম ও ক্ষমার আহ্বান জানান।

মোদি বলেন, ‘কৈশোরে ভুল হতেই পারে। সেই ভুল শুধরে নেওয়ার সুযোগও থাকা উচিত। ক্ষোভ নয়, তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনাই আমাদের দায়িত্ব। গালিগালাজ কখনো সমস্যার সমাধান হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাদের ক্ষমা করতে চাই এবং সমাজকেও একই মনোভাব দেখানোর আহ্বান জানাই।’

উল্লেখ্য, গত ২৩ জুলাই দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সামাজিক শান্তি বিঘ্নিত করা ও মানহানির অভিযোগে প্রথমে নয়ডায় একটি জিরো এফআইআর দায়ের করা হয়। পরে মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়।