সারাবিশ্ব
বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী’ নন: শুভেন্দু অধিকারী
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রসঙ্গ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে কোনোভাবেই ‘অনুপ্রবেশকারী’ বলা যাবে না। তার ভাষায়, তারা প্রত্যেকেই শরণার্থী এবং ভারতের আইনের আওতায় সুরক্ষা পাওয়ার অধিকারী।
রাজ্যে ডিজিটাল জনগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় সরকারের সিএএ অনুযায়ী ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা জীবন রক্ষার্থে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নেওয়া এসব সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে কোনো ধরনের আইনি মামলা করা যাবে না। এমনকি পুলিশও তাদের হয়রানি করতে পারবে না।
অন্যদিকে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের শনাক্ত করা হবে এবং নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শুভেন্দু আরও বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানকারী অনুপ্রবেশকারীদের ভরণপোষণ বা দায়ভার গ্রহণ করা ভারতের কোনো নৈতিক বা সাংবিধানিক দায়িত্ব নয়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।