সারাবিশ্ব

বান্ধবীকে নিয়ে ‘স্পাইডার-ম্যান’ দেখতে এসে স্পয়লার দিতে গিয়ে বিপত্তি, সিনেমা হলে মারামারি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম

বান্ধবীকে নিয়ে ‘স্পাইডার-ম্যান’ দেখতে এসে স্পয়লার দিতে গিয়ে বিপত্তি, সিনেমা হলে মারামারি
ছবিঃ সংগৃহীত

মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ দেখতে গিয়ে স্পয়লার দেওয়াকে কেন্দ্র করে সিনেমা হলেই হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল পোস্টে দাবি করা হয়, চার বন্ধু নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখতে হলে যান। তাদের পাশের আসনে বসা এক তরুণ তার বান্ধবীকে নিয়ে সিনেমাটি দেখছিলেন। তিনি এর আগেই সিনেমাটি একবার দেখে ফেলেছিলেন। প্রদর্শনী চলাকালেই তিনি উচ্চস্বরে একের পর এক দৃশ্যের আগাম গল্প এবং পরবর্তী ঘটনাগুলো বান্ধবীকে বলতে থাকেন। এতে পাশের আসনে বসা দর্শকদের সিনেমা দেখার আনন্দ বারবার ব্যাহত হয়।

দীর্ঘ সময় বিষয়টি সহ্য করার পর চার বন্ধু ওই তরুণকে স্পয়লার দেওয়া বন্ধ করতে অনুরোধ করেন। কিন্তু তা নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে পুরো সিনেমা হলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং অন্য দর্শকরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হলের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখা গেলেও ঘটনাটি কোথায় ঘটেছে বা ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, সিনেমা দেখার সময় আগাম গল্প বলে অন্যের আনন্দ নষ্ট করা অনুচিত।

উল্লেখ্য, ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জেনডায়া, জেকব বাটালন, মার্ক রাফালো, জন বার্নথাল, স্যাডি সিঙ্ক ও ট্রামেল টিলম্যান। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে টম হল্যান্ড অভিনীত ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ একক চলচ্চিত্র।

সূত্র: এনডিটিভি